২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০৭:৩৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় দলে ফেরার সুযোগ হা`রা`লে`ন সাব্বির
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৬
জাতীয় দলে ফেরার সুযোগ হা`রা`লে`ন সাব্বির

একটি সেঞ্চুরি করে আবারও আলোচনায় এসেছিলেন সাব্বির রহমান। তবে সেই আলো ধরে রাখতে পারেননি এই ব্যাটার। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির ঘরোয়া ক্রিকেট ও অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরম্যান্স করে নির্বাচকদের নজরে আসেন। সুযোগও পেয়েছিলেন। কিন্তু উদীয়মান ক্রিকেটারদের টুর্নামেন্ট এশিয়া কাপ রাইজিং স্টার্সে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তিন ম্যাচে তার ব্যাটিং পারফরম্যান্স নতুন করে প্রশ্ন তুলেছে, জাতীয় দলে ফিরতে আর কতটা সুযোগ প্রয়োজন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের?



তরুণ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে সাব্বিরের অন্তর্ভুক্তি শুরু থেকেই আলোচনার জন্ম দেয়। বয়স ও অভিজ্ঞতায় দলের অন্যদের চেয়ে এগিয়ে থাকা এই ব্যাটারকে ঘিরে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশাও ছিল বেশি। কঠিন পরিস্থিতিতে অভিজ্ঞতা দিয়ে দলকে পথ দেখাবেন, এমন আশা থাকলেও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি।


আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে ২৮ রান করেন সাব্বির। এরপর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে করেন মাত্র ৩ রান। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। তিন ম্যাচে এমন পারফরম্যান্সে দলের পাশাপাশি নিজের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও কঠিন করে তুলেছেন এই ব্যাটার।


অথচ সাম্প্রতিক কয়েকটি পারফরম্যান্সে সাব্বিরকে ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছিল। দীর্ঘ চার বছর জাতীয় দলের বাইরে থাকার পর অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলেন তিনি। এরপর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একটি সেঞ্চুরি করে আবারও আলোচনায় আসেন। সেই পারফরম্যান্সের সুবাদেই রাইজিং স্টার্সের দলে জায়গা পান। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা জোরালো করার বদলে আরও দুর্বল করে ফেলেছেন নিজের অবস্থান।



এর আগে হংকং সিক্সেস টুর্নামেন্টেও বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাব্বির। চার ম্যাচে তার রান ছিল যথাক্রমে ৮, ৩৯, ৭ ও ১৩। অর্থাৎ ধারাবাহিকতার অভাব শুধু রাইজিং স্টার্সেই নয়, সাম্প্রতিক একাধিক টুর্নামেন্টেও স্পষ্ট হয়েছে।


সবচেয়ে বড় প্রশ্ন উঠছে দলের প্রয়োজন ও নির্বাচকদের পরিকল্পনা নিয়ে। জাতীয় দলের মিডল অর্ডার কিংবা সাত নম্বর পজিশনে জায়গা পাওয়ার অপেক্ষায় রয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। সেখানে অভিজ্ঞতার বিবেচনায় সাব্বিরকে সুযোগ দেওয়া হলেও পারফরম্যান্স দিয়ে সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি তিনি। ফলে জাতীয় দলে ফেরার দৌড়ে আবারও পিছিয়ে পড়লেন এই ব্যাটার।




শেয়ার করুন